ফিলিস্তিনের বিরুদ্ধে আজ নতুন কৌশলে খেলবে বাংলাদেশ

থ্রি নেশন্স কাপ 
ফুটবল রুমেল খান ॥

 আগের পাঁচবারের মোকাবেলায় কোন জয় নেই। একটি ড্রয়ের বিপরীতে বাকি চারটিতেই হার। তাছাড়া ফিফা র‌্যাঙ্কিংয়েও প্রতিপক্ষের চেয়ে ৮৬ ধাপ পিছিয়ে। কাজেই ষষ্ঠবারের মোকাবেলায় কি অধরা প্রথম জয় কুড়িয়ে নেয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি নয়া কৌশল অবলম্বন করে খেলা যায়। বলা হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কথা। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে তারা এখন কিরগিজস্তানে খেলতে গেছে ‘থ্রি নেশন্স কাপ’। বিশকেকের দোলেন ওমুরাযাকোভ স্টেডিয়ামে অনুষ্ঠিত সিঙ্গেল লীগ পদ্ধতির এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে (গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত) স্বাগতিক কিরগিজস্তান ১-০ গোলে ফিলিস্তিনকে হারিয়ে শুভসূচনা করে। আজ রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে ‘দ্য বেঙ্গল টাইগার্স’ খ্যাত বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ ‘দ্য লায়ন্স অব কেনান’। ফিফা র‌্যাঙ্কিংয়ের ১০২ নম্বরে আছে ফিলিস্তিন, বাংলাদেশ আছে ১৮৮ নম্বরে। যদিও প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। তারপরও টুর্নামেন্টের সব ম্যাচকেই খুব গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ দল।


 এই ম্যাচে নতুন পদ্ধতিতে শিষ্যদের খেলাবেন কোচ জেমি ডে। সেটি কাজে লাগলে সাফেও প্রয়োগ করতে চান বাংলাদেশের কোচ। শনিবার ঘণ্টাখানেক অনুশীলন করে বাংলাদেশ দল। যেখানে জেমি শিষ্যদের পাসিং, মার্কিং, সেট পিস ইত্যাদি বিষয়ে কৌশল শেখান। আজকের ম্যাচ নিয়ে জেমি বলেন, ‘আমরা এখন আগামীকালের (আজ) ম্যাচ নিয়ে ভাবছি। এ লক্ষ্যে গত তিন-চারদিন ধরে প্রস্তুতি নিয়েছি। আমরা জানি ফিলিস্তিন খুবই শক্তিধর দল। কঠিন একটা ম্যাচ হবে। তবে এখানে ছেলেদের প্রত্যেককে পরীক্ষা করে দেখার সুযোগ থাকছে।’ চার নতুন ফুটবলার আছেন বাংলাদেশ স্কোয়াডে। ফিলিস্তিনের বিপক্ষে মূল একাদশে তাদের কাউকে দেখা যাবে কিনা জানতে চাইলে জেমি বলেন, ‘নতুনদের সুযোগ দেয়া হবে। চেষ্টা করব প্রত্যেককে অন্তত একটি ম্যাচে খেলার সুযোগ দিতে। এই তিনটি ম্যাচ সাফের প্রস্তুতি। তাই আমরা এই তিন ম্যাচে চেষ্টা করব ট্যাকটিকস্ পরিবর্তন করতে। এই তিনটি ম্যাচ আমাদের জন্য খুব সহজ হবে না। তবে এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা অর্জন হবে। যেটা সাফে খুবই কাজে আসবে।’
বাংলাদেশ
বাংলাদেশ
উল্লেখ্য, গত ২৯ মার্চ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালের কাছে ২-১ গোলে হেরে শিরোপাস্বপ্ন ধূলিসাত হয়েছিল বাংলাদেশের। ওই শিরোপাটি জিততে পারলে ২০১০ সালে এসএ গেমস ফুটবলের পর আরেকটা শিরোপা জয়ের সুযোগ ছিল লাল-সবুজ বাহিনীর (যদিও ওই আসর ছিল অ-২৩ দলের। ২০০৩ সাফ ফুটবলে বাংলাদেশ তাদের সর্বশেষ শিরোপা জিতেছিল)। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া বলেন, ‘ফিলিস্তিনের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। এরই মধ্যে আমরা কিরগিজস্তান ও ফিলিস্তিনের ম্যাচটি দেখেছি। আমরা ফিলিস্তিনের শক্তি দেখেছি। তারা কোথায় কোথায় বল মিস করেছে সেটিও দেখেছি। এসব বিষয় নিয়ে কোচের সঙ্গে আলোচনা করেছি। কিভাবে খেলতে সেটি আমরা নিজেদের মধ্যে চেষ্টা করেছি।

’ ফিলিস্তিনের বিপক্ষে নতুন কৌশল প্রয়োগের কথা জানান বাংলাদেশ দলের অধিনায়কও, ‘আমরা একটা নতুন সিস্টেম প্রয়োগ করব। যদি ভালো হয় তাহলে সেটা কন্টিনিউ করব। সাফের আগে এই ম্যাচগুলো আমাদের প্রস্তুতি ম্যাচ। হাতে এক মাসেরও কম সময় আছে আমাদের। তাই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কোন্ জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে সেসব নিয়ে কাজ করব। দলের সব ফুটবলার ফিট আছে। গত কয়েকটি দিন আমাদের খুব ভালো কেটেছে। আমরা ফিলিস্তিনের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত।’ কিরগিজস্তানে নতুন চার ফুটবলারকে নিয়ে গেছেন জেমি, যারা এখনো বাংলাদেশ দলের জার্সি গায়ে খেলতে পারেনি। দুই প্রবাসী কানাডার রাহবার ওয়াহেদ খান স্মরণ ও ফ্রান্সের নায়েব তাহমিদ ইসলামসহ মোহামেডানের আতিকুজ্জামান ও উত্তর বারিধারার মিতুল মারমা অভিষেকের অপেক্ষায়। নিজেদের শেষ তিন ম্যাচে কোন জয় নেই বাংলাদেশের। আফগানিস্তানের সঙ্গে ড্রয়ের পর ভারত ও ওমানের কাছে হেরেছে তারা। 

এদিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরকে ৪-০ এবং ইয়েমেনকে ৩-০ গোলে হারিয়ে এসেছে ফিলিস্তিন। আজ কি নয়া কৌশলে খেলে ষষ্ঠবারের সাক্ষাতে ফিলিস্তিনের বিপক্ষে অধরা প্রথম জয় কুড়িয়ে নিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করতে পারবে লাল-সবুজ বাহিনী? বাংলাদেশ দল \ আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক রায়হান কাজী, সুমন রেজা, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়সিন আরাফাত, জামাল ভূঁইয়া, শহীদুল আলম সোহেল, সোহেল রানা, সাদ উদ্দিন, রেজাউল করিম, রাকিব হোসেন, মেহেদী হাসান, আতিকুজ্জামান, মিতুল মারমা, নায়েব তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান স্মরণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ